
দেশে প্রতিনিয়ত ঘটে চলা নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে এবং অপরাধীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রংপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৫ মে (সোমবার) রংপুর প্রেসক্লাব চত্বরে ‘সুজন-সুশাসনের জন্য নাগরিক’ রংপুর জেলা কমিটির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে সুজন-এর নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি প্রকাশ করে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অতি সম্প্রতি নির্মম নির্যাতনের শিকার শিশু রামিসাসহ দেশের সকল নির্যাতিত কন্যাশিশু ও নারীর প্রতি গভীর শোক প্রকাশ করেন এবং জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা বলেন, “প্রতিদিন যখন কোনো শিশুর ধর্ষণ, নির্যাতন বা হত্যার খবর গণমাধ্যমে আসে, তখন শুধু নাগরিক হিসেবে নয়, একজন অভিভাবক হিসেবেও আমাদের ভেতরটা কেঁপে ওঠে। আমরা আর কোনো আশ্বাস বা বিচারহীনতার দীর্ঘশ্বাস দেখতে চাই না। এই দেশ যেন শিশুদের জন্য নিরাপদ অভয়ারণ্য হয়, রাষ্ট্র ও সমাজকে সেই দায়িত্ব নিতে হবে।”
মানববন্ধন থেকে বক্তারা চার দফা দাবি উত্থাপন করেন:
১. নারী ও শিশু নির্যাতনকারীদের দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার সম্পন্ন করা।
২. অপরাধীদের দৃষ্টান্তমূলক ও কঠোরতম শাস্তি নিশ্চিত করা।
৩. প্রতিটি শিশুর জন্য নিরাপদ শৈশব ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা।
৪. পরিবার, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে মানবিক সমাজ গঠনে এগিয়ে আসা।
বক্তারা কেবল সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ না করে, অপরাধের বিরুদ্ধে মাঠপর্যায়ে প্রতিরোধ গড়ে তোলার এবং যার যার অবস্থান থেকে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে কর্মসূচি শেষ করেন।