
রংপুর কাউনিয়া উপজেলায় দিন দিন কৃষি জমির উর্বর মাটি কমে যাচ্ছে। কোথাও কৃষি জমি কেটে বানানো হচ্ছে পুকুর ও মৎস্য প্রকল্প। এছাড়া এসব কৃষি জমির মাটি যাচ্ছে বিভিন্ন ইটভাটাতে। আবার অনেকে কৃষি জমির মাটি দিয়ে গড়ছেন বসতবাড়িও। এদিকে, একের পর এক কৃষি জমি থেকে এভাবে মাটি কেটে নেয়ায় জমি হারাচ্ছে তার উর্বরতা। আবার অন্যদিকে কমে যাচ্ছে কৃষি জমির পরিমাণও । বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত সরেজমিনে উপজেলার বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, উপজেলার কুর্শা ইউনিয়নে বিভিন্ন ফসলের মাঠে অন্তত ১০টি স্থানে অবাধে ভেকু দিয়ে মাটি কেটে নিচ্ছে প্রভাবশালীরা। এসব মাটি বিভিন্ন ট্রাক্টরের মাধ্যমে পরিবহন করে নেয়া হচ্ছে উপজেলার বিভিন্ন স্থানে। তবে সবচেয়ে বেশি মাটি যাচ্ছে উপজেলার ইটভাটাগুলোতে। স্থানীয় একাধিক ব্যক্তির অভিযোগ, এভাবে মাটি কাটার বিষয়গুলো একের পর এক স্থানীয় প্রশাসনকে জানানো হলেও রহস্যজনক কারণে এসব মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। তাই বন্ধ হচ্ছে না কৃষি জমির উর্বর মাটি কাটা। সরেজমিনে উপজেলার কুর্শা ইউনিয়নের পূর্ব চাঁনঘাট সদ্দারপাড়া এলাকায় গিয়ে দেখা গেছে, স্থানীয় (১) ফজলুর হক পিতা মৃত মেহের আলী, (২) আব্দুল সাত্তার পিতা আব্দুল মতিন, (৩) বিদ্যুৎ পিতা আব্দুল জলিল, (৪) লিমন পিতা মৃত শাহ্ উদ্দিন।ফসলি জমিতে ভেকু দিয়ে মাটি কাটাচ্ছেন।এসব মাটি কেটে ট্রাক্টর মাধ্যমে বিভিন্ন জায়গায় বিক্রি করছেন। তারা মাটি বিক্রি করতে করতে ফসলি জমি পুকুরে রূপান্তরিত করে ফেলেছেন। তবে মাটি উত্তোলনকারী ফজলুর হক বলেন, আমি নিজস্ব জমি থেকে মাটি উত্তোলন করছি, এখানে পুকুর করব। আমার জমিতে আমি মাটি কাটছি এখানে কার কী?’ স্হানীয় মোঃ আতিয়ার রহমান আতিক জানান, এতগুলো ভেকু দিয়ে দিনরাত কৃষি জমির মাটি কাটায় অন্যান্য জমি এবং রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে।এখন অস্তিত্ব সংকটে পড়েছে কৃষিজমি। এসব মাটি ব্যবসায়ী সিন্ডিকেট এতই শক্তিশালী যে স্থানীয় প্রশাসনও তাদের বিরুদ্ধে কথা বলতে ভয় পায়। কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা বলেন, এভাবে কৃষি জমি থেকে মাটি কাটার বা কৃষি জমিতে পুকুর করার কোনো নিয়ম নেই। এটা সম্পূর্ণ অবৈধ। কোনো ব্যক্তি নিজের জমিতেও এই কাজ করতে পারবেন না। আর যেখানেই এই ধরনের অভিযোগ পাচ্ছি, সেখানে আমরা ব্যবস্থা গ্রহণ করছি। পর্যায়ক্রমে এসব অবৈধ মাটি ব্যবসায়ী এবং মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।