
রংপুরে মাদক সেবন ও হানি ট্র্যাপ চক্রের নারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ। চক্রটি দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন স্থানে বাইরে থেকে আসা নানা বয়সের পুরুষদের মাদক সেবন করিয়ে হানি ট্র্যাপের ফাঁদে ফেলে বিপুল অঙ্কের টাকা আদায় করত। এমনই একটি ঘটনার সূত্র ধরে পুলিশ শুক্রবার দুপুরে নগরীর কটকিপাড়া থেকে তাদের গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা যায়, রংপুরের লালকুঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টায় আসামিরা মাদকসেবনকালে এলাকাবাসী আটক করেন। পরে পুলিশকে সংবাদ দিলে পুলিশ তাদের সেখান থেকে কোতোয়ালি মেট্রো থানায় নিয়ে আসে। গ্রেফতারকৃতরা হলেন- কোতোয়ালি থানার পূর্ব কামাল কাছনার হামিদ মিয়ার ছেলে মোতাহার হোসেন (২৬), মাহিগঞ্জের মোজাফ্ফর হোসেনের ছেলে সিফাত রহমান (২৫), মূলটোল পাকার মাথা এলাকার বাদশা হকের মেয়ে সিনথিয়া জান্নাত (১৯), রবাটসনগঞ্জ মণ্ডলপাড়ার এমদাদুল হকের মেয়ে সাইয়্যাদুল জান্নাত। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। কোতোয়ালি থানার ওসি আজাদ রহমান বলেন, গ্রেফতারকৃত আসামিরা মাদক সেবনের কথা স্বীকার করেছেন। তবে তাদের কাছ থেকে কোনো মাদক পাওয়া যায়নি। মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। অভিযোগ রয়েছে তারা মাদক সেবন ও হানি ট্র্যাপের ফাঁদে ফেলে বিভিন্নজনের কাছ থেকে টাকা হাতিয়ে নিত।