
সিলেট প্রতিনিধি:
সিলেটে ১ হাজার শয্যাবিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল নির্মাণের জন্য স্থান নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। মেগা এই প্রকল্পটিতে সম্পূর্ণ বিনিয়োগ করবে চীন। হাসপাতাল নির্মাণের প্রাথমিক পরিকল্পনা এবং স্থান নির্ধারণের বিষয়ে চীনা বিনিয়োগকারীদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা চলছে বলে জানিয়েছেন শ্রম, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বুধবার (৩ জুন) হাসপাতাল নির্মাণের জন্য উপযুক্ত স্থান নির্বাচন ও সম্ভাব্যতা যাচাইয়ের উদ্দেশ্যে চীনের একটি বিনিয়োগকারী প্রতিনিধিদল নিয়ে সিলেটের বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। পরিদর্শনের অংশ হিসেবে তারা সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটন কেন্দ্র সাদাপাথর এবং হাইটেক পার্কসহ কয়েকটি সম্ভাব্য এলাকা ঘুরে দেখেন।
পরিদর্শনকালে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, “প্রকল্পটি বাস্তবায়িত হলে এ অঞ্চলের সামগ্রিক স্বাস্থ্যসেবায় একটি বড় এবং উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন আসবে। সিলেটের মানুষ ঘরের কাছেই আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা পাবেন।”
চীনের প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়া ‘বাই আপ ইনভেস্টমেন্ট লিমিটেড’-এর চেয়ারম্যান স্টোয়ার্ড চিয়ং প্রকল্পটির ব্যাপারে অত্যন্ত আশাবাদ ব্যক্ত করেন। তিনি জানান, প্রাথমিক পর্যায়ে স্থান পরিদর্শন ও সম্ভাব্যতা মূল্যায়নে তারা সন্তুষ্ট। এই মেগা প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করতে তাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে।
এর আগে, গতকাল মঙ্গলবার রাতে সিলেট সার্কিট হাউসে হাসপাতালের স্থান নির্বাচন ও অন্যান্য কারিগরি বিষয়ে চীনা বিনিয়োগকারীদের সাথে এক উচ্চপর্যায়ের বৈঠক করেন শ্রমমন্ত্রী।
আজকের মাঠপর্যায়ের পরিদর্শনকালে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সিলেটে ১ হাজার শয্যার একটি আন্তর্জাতিক মানের আধুনিক হাসপাতাল নির্মাণের আনুষ্ঠানিক আগ্রহ প্রকাশ করেছে চীনের বিনিয়োগকারীরা। এই হাসপাতালের চূড়ান্ত স্থান নির্বাচন ও মাঠপর্যায়ের সম্ভাব্যতা যাচাইয়ের জন্যই বর্তমানে চীনের বিনিয়োগকারীদের একটি উচ্চপ্রতিনিধিদল সিলেটে অবস্থান করছে।