ঠাকুরগাঁও প্রতিনিধি:
দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গভীর উদ্বেগ প্রকাশ করে সর্বস্তরের জনগণকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, "ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে আমরা যখন নতুন করে দেশের কল্যাণে সামনের দিকে এগিয়ে চলছি, ঠিক তখনই একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আপনারা সজাগ থাকবেন, আমরা যেন কোনোভাবেই আবার বিভ্রান্ত না হই।"
বুধবার (৩ জুন) দুপুরে ঠাকুরগাঁওয়ের নবগঠিত রুহিয়া উপজেলার সর্বস্তরের জনগণের উদ্যোগে রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংবর্ধনা অনুষ্ঠানের আগে মন্ত্রী নবগঠিত রুহিয়া উপজেলার অস্থায়ী কার্যালয়ের ফলক উন্মোচন করে আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
জনগণের দেওয়া প্রতিশ্রুতি পূরণে বর্তমান সরকার বদ্ধপরিকর উল্লেখ করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমান খুব দ্রুত দেশের সমস্যাগুলো সমাধান করতে কাজ করছেন। অনেক সংকটের মধ্য দিয়ে আমরা দায়িত্ব নিয়েছিলাম। সব কাজ সম্পন্ন করতে আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি। তবে রাতারাতি সব সমস্যার সমাধান সম্ভব নয়, আপনাদের কিছুটা ধৈর্য ধরতে হবে।"
সরকারের ৩ মাসের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, "তারেক রহমানের সরকার মূলত কথার সরকার, কাজের সরকার। তিনি নির্বাচনের আগে জনগণের কাছে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, আমরা তার প্রত্যেকটি পূরণ করবার জন্য চেষ্টা করে যাচ্ছি। তিনি বলেছিলেন ফ্যামিলি কার্ডের কথা, আমরা ইতোমধ্যে ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু করেছি। কৃষকদের জন্য কৃষক কার্ড এবং দেশব্যাপী খাল খনন কর্মসূচিও শুরু করা হয়েছে।"
এ সময় রুহিয়া অঞ্চলের নারী সমাজের প্রশংসা করে মির্জা ফখরুল বলেন, "রুহিয়ায় নারী সমাজ বেশ সুসংগঠিত। নিজেদের ক্ষমতায়ন নিশ্চিত করতে তাদের আরও বেশি সংগঠিত হতে হবে।"
তরুণ ও যুবসমাজের মাদকাসক্তি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, "আজকে খুব দুঃখ হয় যখন শুনি আমাদের তরুণ ও যুবকেরা মাদকাসক্ত হয়ে পড়ছে। মাদক একটি পুরো জাতিকে ধ্বংস করে দেয়। এর থেকে আমাদের মুক্ত হতে হবে। আমি তরুণদের অনুরোধ করব, তারা যেন মাদক থেকে দূরে থাকে এবং এর বিরুদ্ধে একটি তীব্র সামাজিক আন্দোলন গড়ে তোলে। এটি অত্যন্ত জরুরি।"
রুহিয়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণের এই ঐতিহাসিক দিনে বিগত দিনের প্রয়াত নেতাদের স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল। তিনি বলেন, "অনেক প্রবীণ নেতা আজ আমাদের মাঝে নেই, তারা পরপারে পাড়ি জমিয়েছেন। কিন্তু রুহিয়ার উন্নয়নে তাদের যে অবদান, তা এখানকার মানুষ চিরদিন শ্রদ্ধার সাথে মনে রাখবে।"
রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।