নিজস্ব প্রতিবেদক, রংপুর:
রংপুর মহানগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে ব্যবহারিক (প্র্যাক্টিক্যাল) পরীক্ষার নামে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে জোরপূর্বক অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।
আজ শনিবার (২৩ মে) প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তফা জামানের নির্দেশে প্রত্যেক এসএসসি পরীক্ষার্থীর কাছ থেকে ২৫০ টাকা করে নেওয়া হচ্ছে বলে ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকরা অভিযোগ করেছেন।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করে ব্যবহারিক পরীক্ষায় ভালো নম্বর দেওয়ার প্রলোভন ও ভয় দেখিয়ে এই অর্থ আদায় করা হচ্ছে। শিক্ষা নিয়ে এমন প্রকাশ্য বাণিজ্যে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী ও সচেতন অভিভাবক মহল। তারা অবিলম্বে এই অবৈধ অর্থ আদায় বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ও রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সাঈদ জানান, "বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"