রংপুর প্রতিনিধি:
প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফেরা মানুষের যাত্রা যেন নির্বিঘ্ন, নিরাপদ ও স্বস্তিদায়ক হয়, সেজন্য পরিবহন সংশ্লিষ্ট সবাইকে ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর আহ্বান জানিয়েছেন রংপুর জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিম বারী রাজ।
গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান।
ওয়াসিম বারী রাজ বলেন, ঈদযাত্রায় দুর্ঘটনা এড়াতে এবং যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে চালকসহ পরিবহন খাতের সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। ট্রাফিক নিয়মের প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্বশীলতার সাথে গাড়ি চালানোর ওপর তিনি জোর দেন।
সাক্ষাৎকারে তিনি ঈদের এই বিশেষ সময়ে দিন-রাত নিরলসভাবে কাজ করা পরিবহন শ্রমিক ও কর্মচারীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান। একই সাথে সাধারণ মানুষের সফরকে সহজ ও নিরাপদ করতে তাদের এই অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।